নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে আফিয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টা৷ দিকে উপজেলার হাইরমারা গ্রামের পালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সুজন মিয়া (৫০) পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আফিয়া বেগম ৫ ছেলে-মেয়ে নিয়ে স্বামীর সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন। তার স্বামী সুজন দীর্ঘদিন যাবত ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকে আসক্ত। তাদের মধ্যে নিয়মিত ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
এদিকে, সোমবার রাতে দুজনের কথা-কাটাকাটির এক পর্যায়ে স্বামী সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে আফিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নরসিংদী মিরর/এফএ