নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায় ১৭টি সেতু নির্মাণের অনুমোদন পাওয়ার খবরে উচ্ছ্বাস ও আনন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং মানুষের যাতায়াত সহজ হওয়ার প্রত্যাশায় খুশি স্থানীয় বাসিন্দারা। এ খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন নেটিজেনরা। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা জানাচ্ছেন অনেকে।
বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন আকারের মোট ১৭টি সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ খবর প্রকাশের পর থেকেই জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও আশাবাদের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, এসব সেতু নির্মিত হলে জেলার প্রত্যন্ত এলাকার সঙ্গে উপজেলা ও জেলা সদরের যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে বর্ষা মৌসুমে খাল, নদী ও জলাশয়ের কারণে যেসব এলাকার মানুষকে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হয়, তাদের দুর্ভোগ অনেকটাই কমবে। পাশাপাশি শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের দৈনন্দিন চলাচল আরও সহজ হবে।
আলোকবালী ইউনিয়ন সেতু আন্দোলনের সদস্য সচিব জাহিদুল ইসলাম বলেন, “সেতুগুলো নির্মিত হলে গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, জরুরি রোগীদের হাসপাতালে নেওয়া এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ বাড়বে। একই সঙ্গে প্রত্যন্ত এলাকার সঙ্গে শহরের যোগাযোগ আরও সুদৃঢ় হবে।”
তিনি আরও বলেন, “২০২৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে কমিটি গঠনের মাধ্যমে সেতুর দাবি জানিয়ে এসেছি। আলোকবালী থেকে করিমপুরে ৩৭০ মিটার সেতুর অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
একই কমিটির যুগ্ম আহবায়ক মো. আহমেদ ইসলাম ও নরসিংদী সদর কৃষক দলের সদস্য সচিব
রুবেল আহমেদ বলেন, “দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। এ উদ্যোগকে নরসিংদীর যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। আমরা সংশ্লিষ্ট সবাইকে স্বাগত জানায়।”
এই সেতুগুলোর মধ্যে রায়পুরার চরাঞ্চলের ৪টি সেতু অন্যতম। এই ৪ সেতুর মাধ্যমে উপজেলা সদরের সাথে দুর্গম চরাঞ্চল মির্জারচর, চানপুর, চরমধূয়া ও চরআড়ালিয়া ইউনিয়নের সড়ক যোগাযোগের নবদিগন্তের সূচনা হবে। একনেক সভায় সেতু প্রকল্প অনুমোদন হওয়ায় স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে। তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নেটিজেনদের বিভিন্ন পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের উদ্যোগ ও ভূমিকার কথাও উঠে এসেছে। তাদের মতে, এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার বিষয়টি গুরুত্ব পাওয়ায় উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
নরসিংদী জেলা বিএনপির সদস্য ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের ব্যক্তিগত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, “নরসিংদী একটি শিল্প ও কৃষিপ্রধান জেলা। এ জেলার বিভিন্ন এলাকায় শিল্পকারখানা, কৃষি উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যের বিস্তৃতি রয়েছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে সড়ক যোগাযোগের বিষয়টি সরাসরি সম্পৃক্ত। ফলে নতুন সেতুগুলো বাস্তবায়িত হলে শুধু যাতায়াতের সুবিধাই বাড়বে না, অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।”
তিনি আরও বলেন, “আমাদের হাতে আরও কিছু প্রকল্প আছে, অচিরেই বাজেট পাশ হলে এলাকার অবকাঠামোগত ব্যাপক উন্নতি হবে, যার ফলাফল সাধারণ মানুষ ভোগ করবে।”
নরসিংদী জেলা এলজিইডির এক্সেন ফুলকাম বাদশা বলেন, “নরসিংদীর মানুষের কাছে ১৭টি সেতুর অনুমোদন তাই কেবল অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নয়, বরং উন্নত যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন আশার বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।”
তিনি আরও বলেন, “এ সেতু গুলোর জন্য পিডি (প্রকল্প পরিচালক) নিয়োগ হওয়ার পর প্রয়োজনীয় নির্দেশনা আসার পর, কাজ শুরু করতে পারবো।”