নরসিংদীর রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দৃষ্টিনন্দন নকশায় পুনর্নির্মাণ করা বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্মৃতিফলক ‘বাংলার ঈগল’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে স্মৃতিফলক ‘বাংলার ঈগল’ উদ্বোধন করেন নরসিংদী-৫ আসনের (রায়পুরা) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল ও নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট ইউসুফ আলী, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ও উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।

ভাস্কর্যশিল্পী ভাস্কর অলি মাহমুদ জানান, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্মরণে নির্মিত ‘বাংলার ঈগল’ একটি ত্রিমাত্রিক ভাস্কর্য। দেশের প্রতি তার গভীর ভালোবাসা ও আত্মত্যাগের চেতনা তুলে ধরতেই এ ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে।
এর আগে, গত ২০ জানুয়ারি ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের অংশ হিসেবে নরসিংদীর রায়পুরা উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নির্মিত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ম্যুরালটি অপসারণ করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।