ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের শিক্ষক-কর্মচারী ও কেয়ারটেকারসহ সংশ্লিষ্ট জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর এবং সরকারি গ্রেডে বেতন-ভাতা প্রদানের দাবি জানিয়েছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ নরসিংদী জেলা শাখা।
সোমবার (১৮ মে) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি উত্থাপন করেন তারা। এর আগে তাদের প্রতিনিধি দল নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামানের কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের জেলা সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক জানান, ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক এই প্রকল্পটি চালু হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশের শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধের জাগরণ এবং নিরক্ষরতা দূরীকরণে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ইতোমধ্যে সফলভাবে ৭টি পর্যায় সম্পন্ন করে প্রকল্পটি বর্তমানে ৮ম পর্যায়ে পদার্পণ করেছে। এই প্রকল্পে বর্তমানে সারা দেশে ৭১ হাজার ৯৪৯ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী নিয়োজিত আছেন।

বক্তারা বলেন, কয়েক দশক যাবত অত্যন্ত স্বল্প ভাতা এবং চরম অনিশ্চয়তার মধ্যে তারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। শুধু পাঠদানই করেন না, বরং মুসল্লিদের সরকারি তহবিলে জাকাত প্রদানে উৎসাহিতকরণ, মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা কোনো পারিশ্রমিক ছাড়াই তারা মাঠপর্যায়ে পৌঁছে দিচ্ছেন। অথচ তারা আজ অবমূল্যায়নের শিকার। দ্রুততম সময়ের মধ্যে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে সরকারের কাছে তারা জোর দাবি জানান।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি শামসুল ইসলাম রায়পুরীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাম্মেল হক আমিরী, প্রচার সম্পাদক মুফতি সাইফুল ইসলাম সাইফী। এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হামিদ মোল্লা, পলাশ উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, রায়পুরা উপজেলার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, বেলাবো উপজেলা সভাপতি মাওলানা আশরাফ আলী। এছাড়াও বিভিন্ন কেন্দ্রের শিক্ষকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।