রায়পুরায় ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের নতুন কার্যালয় উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
নরসিংদীর রায়পুরায় বাড়ির আঙিনায় ইট রাখা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে মো. শাহীন মিয়া (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহীন ওই এলাকার আওলাদ হোসেনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তাঁর চাচাতো ভাই রাব্বি মিয়া। তিনি মোকাররম হোসেনের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে আওলাদ হোসেন ও তাঁর ভাই মোকাররম হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার বিকেলে বাড়ির পাশে রাখা ইটের স্তূপ থেকে ইট নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে দুই পরিবারের বিরোধে জড়িয়ে পড়েন শাহীন ও তাঁর চাচাতো ভাই রাব্বি। এ সময় রাব্বি দা দিয়ে শাহীনের কোমরে কোপ দেন। এতে গুরুতর আহত হন শাহীন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।