‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদ রানা। সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তার।
সভায় বক্তারা বলেন, কন্যা শিশুর অধিকার সুরক্ষা, শিক্ষার প্রসার, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যা শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, কন্যাশিশুর সম্ভাবনা বিকাশে পরিবার, সমাজ ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় রায়পুরা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে শিশু অধিকার সুরক্ষায় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে রায়পুরা সাংবাদিক ফোরামের উপদেষ্টা মেহেদী হাসান রিপন, উপজেলা মহিলা দলের সভানেত্রী আরফিনা আসাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।