বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘জামেয়া কাসেমিয়া এলামনাই এসোসিয়েশন’ এর আহ্বায়ক কমিটির ২য় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় জামেয়া ছাত্র সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মোহাম্মদ শরীফ হোসাইন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু তাহের বেলাল। এসময় আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আহ্বায়ক কমিটির কার্যক্রমকে গতিশীল করতে সংগঠনের প্রাথমিক গঠনতন্ত্র কিছু সংশোধনীসহ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। নির্বাচিত কমিটি ভবিষ্যতে এই গঠনতন্ত্রে প্রয়োজন অনুযায়ী পরিমার্জন, সংযোজন ও সংশোধন করতে পারবে।
সভায় জামেয়া কাসেমিয়া এলামনাই এসোসিয়েশনের জন্য ৯ সদস্যবিশিষ্ট একটি প্রাথমিক উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। তারা হলেন— সাইয়্যেদ কামালুদ্দিন আব্দুল্লাহ জাফরী (প্রধান উপদেষ্টা), প্রফেসর রফিকুল ইসলাম মাদানী, মনজুর এলাহী (এমপি), ড. রুহুল আমীন রোকন, ড. আনোয়ার হোসাইন মোল্লা, মাওলানা মোসলেহুদ্দীন, সাইয়্যেদ ওসামা আল মোসাদ্দেক, মোঃ শওকত আলী ও জামেয়া কাসেমিয়ার অধ্যক্ষ (পদাধিকার বলে)

এছাড়াও প্রথম কার্যকরী পরিষদ নির্বাচনের জন্য ৫ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। তারা হলেন— প্রফেসর রফিকুল ইসলাম মাদানী (প্রধান কমিশনার), মনজুর এলাহী (এমপি), ড. রুহুল আমীন রোকন, ড. আনোয়ার হোসাইন মোল্লা ও সাইয়্যেদ ওসামা আল মোসাদ্দেক।
সাধারণ সভায় জামেয়া কাসেমিয়া এলামনাই এসোসিয়েশনে ৩ ক্যাটাগরির সদস্য অন্তর্ভূক্তি প্রক্রিয়া চূড়ান্ত করা হয়।
সাধারণ সদস্য: জামেয়ার যেকোনো পর্যায়ের সাবেক শিক্ষার্থী ৫০০ টাকা নিবন্ধন ফি দিয়ে সদস্য হতে পারবেন। মাসিক সদস্য ফি ১০০ টাকা।
আজীবন সদস্য: জামেয়া কাসেমিয়া থেকে দাখিল/আলিম/ফাজিল/কামিলসহ যেকোনো একটি সনদধারী এককালীন ৫,০০০ টাকা প্রদান করে আজীবন সদস্য হতে পারবেন।
দাতা/শুভাকাঙ্ক্ষী সদস্য: যারা জামেয়ার প্রাক্তন শিক্ষার্থী নন, কিন্তু প্রতিষ্ঠানের আদর্শ ও কার্যক্রমে আগ্রহী, তারা ন্যূনতম ২০,০০০ টাকা প্রদান করে দাতা সদস্য হতে পারবেন। তবে তারা ভোটার বা প্রার্থী হতে পারবেন না, কিন্তু কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন।