বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে আদর্শ শিক্ষক ফেডারেশন নরসিংদী জেলা শাখা। সোমবার (৫ অক্টোবর) বিকেলে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আদর্শ শিক্ষক ফেডারেশন নরসিংদী জেলা শাখার সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ইব্রাহিম ভূইয়া।
নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও শিক্ষকনেতা মোঃ সাখাওয়াত হোসেন, বিশিষ্ট আলেমে দ্বীন ও শিক্ষাবিদ মাওলানা আব্দুল লতিফ খান, খিরাটী ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান জিহাদী, দুলালপুর সিনিয়র ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মনজুর হোসেন ফকির এবং কুমরাদী দারুল উলুম সিনিয়র ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আসাদুল্লাহ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজনগর উম্মুলকুরা ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা অলিউল্লাহ, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ভূইয়া, শিবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রহমান ভূইয়া, করিমগঞ্জ দারুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক নেতা মোঃ মোস্তফা ফিরোজী, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নেতা মোঃ নিজাম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকরা শুধু পাঠদানই করেন না; তারা শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি জ্ঞানভিত্তিক, নৈতিক ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাই শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
উল্লেখ্য, প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। শিক্ষকদের অবদান ও মর্যাদাকে স্বীকৃতি দেওয়া। শিক্ষা ও শিক্ষকদের বিভিন্ন সমস্যা এবং অধিকার নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়। শিক্ষকতা পেশার গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকা তুলে ধরাই এ দিবসের অন্যতম উদ্দেশ্য।
আলোচনা সভায় জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।