নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও লিফটে বিতরণ করেছে ফুলকুঁড়ি আসর

আগের সংবাদ

নরসিংদীতে ৮ পদে ১১৯ জন নিয়োগ দিবে স্বাস্থ্য বিভাগ, আবেদন করবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬ , ২:০৩ অপরাহ্ণ

নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ের অধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ৮টি ক্যাটাগরির পদে ১১৯ জন জনবল নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে গত ১৩ সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর পদে ৩ জন, পরিসংখ্যানবিদ ৪ জন, কোল্ড চেইন টেকনিশিয়ান ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪ জন, স্টোর কিপার ৫ জন, স্বাস্থ্য সহকারী ৭৯ জন, ড্রাইভার ৪ জন এবং ল্যাব অ্যাটেনডেন্ট পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। সব মিলিয়ে ১১৯টি শূন্য পদে নিয়োগ হবে।

এর মধ্যে কম্পিউটার অপারেটর পদটি গ্রেড-১৩ এবং বেতন স্কেল ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা। পরিসংখ্যানবিদ গ্রেড-১৪-তে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা, কোল্ড চেইন টেকনিশিয়ান গ্রেড-১৫-তে ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী ও ড্রাইভার পদগুলো গ্রেড-১৬-এ ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা বেতন স্কেলে নিয়োগ দেওয়া হবে। ল্যাব অ্যাটেনডেন্ট পদটি গ্রেড-১৯, যার বেতন স্কেল ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৮ থেকে ৩২ বছর বয়সী নারী-পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স গণনা করা হবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে। পদভেদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। কম্পিউটার অপারেটর পদে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, পরিসংখ্যানবিদ পদে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতিতে স্নাতক ডিগ্রি এবং কোল্ড চেইন টেকনিশিয়ান পদে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) পাস হতে হবে।

স্বাস্থ্য সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ল্যাব অ্যাটেনডেন্টসহ অন্যান্য পদের জন্যও বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা রয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পদে নির্বাচনের ক্ষেত্রে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হবে।

আগ্রহী প্রার্থীরা ৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা। আবেদন করতে হবে csnarsingdi.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।

আবেদন ফি হিসেবে ১ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য নির্ধারিত ফি ৫৬ টাকা। আবেদন ফরম পূরণের পর নির্ধারিত সময়ের মধ্যে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে।

সূত্র: নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি।