নরসিংদীতে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর নরসিংদী জেলা শাখার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকায় শাখা পরিচালক মোজাহিদুল ইসলাম সিফাতের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে ফুলকুঁড়ি আসরের শিশু-কিশোর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য শিশু চিকিৎসক ও নগর হাসপাতাল, নরসিংদীর পরিচালক ডা. শফিকুল ইসলাম এবং নরসিংদী জনপ্রিয় হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. নাজমুল ইসলাম সুজন।
এ সময় ডেঙ্গুর ভয়াবহতা, প্রতিরোধে করণীয় এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। পাশাপাশি বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিভিন্ন দোকানপাট, ঘরবাড়ি, মসজিদ, রাস্তাঘাটসহ জনসমাগমপূর্ণ বিভিন্ন স্থানে বিতরণ করা হয়।
অতিথিরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা কিংবা যেকোনো স্থানে পানি জমতে না দেওয়া এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাঁরা ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান।
এ সময় অতিথিরা শিশু-কিশোর বয়স থেকেই ফুলকুঁড়ি আসরের সদস্যদের এমন মহৎ ও জনকল্যাণমূলক সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতার চেতনা গড়ে উঠলে ভবিষ্যতে তারা একটি সুন্দর, সুস্থ ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।