এসএসসি পরীক্ষার ফলাফলে নরসিংদীর পলাশ উপজেলায় আবারও সাফল্যের শীর্ষে জনতা আদর্শ বিদ্যাপীঠ। এবারের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাসের গৌরব অর্জনের পাশাপাশি ৪৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
কৃতিত্বপূর্ণ ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। পলাশ উপজেলার শিক্ষাক্ষেত্রে জনতা আদর্শ বিদ্যাপীঠ ধারাবাহিক ভাবে পাবলিক পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।
এবছর এসএসসি পরীক্ষায় মোট ১১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। তার মধ্যে বিজ্ঞান বিভাগের ৬৫ জন থেকে ৪০জন জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষা থেকে ৫৩ জন অংশ নিয়ে ৭জন জিপিএ-৫ পেয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ খান জানান, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের শৃঙ্খলার সাথে নিয়মিত অধ্যয়ন, অভিভাবকদের সহযোগিতা এবং বিদ্যালয়ের সুপরিকল্পিত একাডেমিক কার্যক্রমের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শুধু শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলে নয়, জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলা মূল লক্ষ্য।