নরসিংদীর রায়পুরায় তিনদিন নিখোঁজ থাকার পর ওয়ালিদ হাসান (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুলাই) দিবাগত রাতে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামের জাকির মিয়ার উঠান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ওয়ালিদ হাসান ওই গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে। সে রায়পুরা আর. কে. আর. এম. উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাহেরচর গ্রামের জাকির মিয়ার মেয়ে প্রাণা আক্তার (১৭) এর সাথে ওয়ালিদ হাসানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত তিনদিন যাবত নিখোঁজ ছিলো ওয়ালিদ। শনিবার রাতে প্রেমিকার বাড়ীতে ওয়ালিদ নৃশংসভাবে খুন হন। ঘটনার পর থেকেই বসতবাড়ির মালিক ও মেয়ের বাবা জাকির মিয়া পলাতক রয়েছেন।
অভিযোগ উঠেছে, ওয়ালিদকে হত্যার পর তার লাশ কাপড়ে মুড়িয়ে গুম করার চেষ্টা করা হচ্ছিলো। এসময় স্থানীয়রা মূল অভিযুক্ত প্রেমিকা প্রাণা আক্তার (১৭), তার মা ফরিদা আক্তার (৪০) সহ চার জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’