নরসিংদী শহরের উপজেলা মোড় এলাকায় অবস্থিত মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার এবং রমেশ পোদ্দার সুইটমিটকে ৫০ হাজার টাকা করে মোট ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে উভয় প্রতিষ্ঠানের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, প্রস্তুতকৃত মিষ্টান্ন খোলা অবস্থায় সংরক্ষণ, খাদ্যে পোকামাকড় ও মাছি অবাদ বিচরণ পরিলক্ষিত হয়। এছাড়াও ফ্রিজে পঁচা ও বাসি রান্না করা সবজির পাশাপাশি রক্তসহ কাঁচা মাংস সংরক্ষণ, রক্তমিশ্রিত পানির পাশেই মিষ্টি তৈরির ছানা, মাওয়া ও অন্যান্য উপকরণ খোলা অবস্থায় রাখা এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর টেস্টিং সল্ট (MSG) ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহকারী পরিচালক এর উপস্থিতিতে উভয় প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা করে মোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।