নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী বুবি বেগম (৭০) মারা গেছেন।
বুধবার (৮ জুলাই) রাত ১টা ১৫ মিনিটে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তাঁর মৃত্যু হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত মেথিকান্দা রেলস্টেশনের একটি কক্ষে ঢুকে বুবি বেগমের ওপর নির্মম হামলা চালায়। এ সময় তাঁকে মারধর করে তাঁর দীর্ঘদিনের কষ্টার্জিত ও সঞ্চিত ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্টেশনের কর্মীরা তাঁকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়।
কিছুটা সুস্থ থাকলেও বুধবার রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে তাঁর মৃত্যু হয়।
বুবি বেগমের মৃত্যুর খবরে রায়পুরাজুড়ে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শোক প্রকাশ করা হয় এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর ধরে বুবি বেগম মেথিকান্দা রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। স্বজনহীন এই নারী স্টেশনের একটি ছোট কক্ষেই বসবাস করতেন। বয়সের ভার ও বাকপ্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি নিষ্ঠার সঙ্গে স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেন। সামান্য বেতন ও যাত্রীদের সহযোগিতায় চলতো তার জীবিকা।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ, র্যাব ও পিবিআই যৌথভাবে কাজ করছে।