নরসিংদীর রায়পুরা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দিনব্যাপী উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর গ্রামে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক ছাগলকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে অংশ নেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ কামরুল ইসলাম, উপজেলা ভেটেনারি সার্জন আবদুল্লাহ আল ফাহাদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা নূর আহাম্মদ তুহিন, লাইভস্টক ফিল্ড এসিস্ট্যান্ট রুহুল আমিন, কমিউনিটি এক্সটেনশন এজেন্ট জালাল মিয়া ও পঙ্কজ বিশ্বাস।
গত সপ্তাহে হঠাৎ ছড়িয়ে পড়া অজানা রোগে উত্তর বাখরনগর ও রতনপুর গ্রামে শতাধিক ছাগল মারা যায়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দ্রুত ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। এর ফলে ক্ষতিগ্রস্ত খামারিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা এ কার্যক্রমকে সময়োপযোগী উল্লেখ করে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি ছাগলের বিভিন্ন রোগ, বিশেষ করে নিউমোনিয়া, পিপিআর ও ডায়রিয়া সম্পর্কে খামারিদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়। রোগ প্রতিরোধে আধুনিক পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।
রায়পুরা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘ছাগল গরীবের গাভী। এই এলাকায় বেশিরভাগ গ্রামীণ নারী খামারিরা সংসারের অন্য অন্য কাজের পাশাপাশি লালনপালন করে থাকে। এতে করে অনেকে স্বাবলম্বী। হাসপাতাল একটু দূরে হওয়ায় আজ এসে ফ্রী মেডিকেল ক্যাম্প করে অসুস্থ দুই শতাধিক ছাগলকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘পিপিআর (PPR) ছাগলের একটি সংক্রামক রোগ। উপজেলায় প্রায় ২৯ হাজার ছাগল রয়েছে, যার মধ্যে গত আট মাসে ২৭ হাজার ৭০০ ছাগলকে টিকা দেওয়া হয়েছে। ঘটনাটি জানার পর বৃহস্পতিবার বিকেলে সার্জনসহ হাসপাতালের টিম পাঠিয়ে মরা ছাগলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা নীরিক্ষার জন্য পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ নির্ণয় করা হবে।’
নরসিংদী মিরর/এফএ