নরসিংদীর রায়পুরায় গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকারিতা তুলে ধরতে বার্ষিক ক্যাম্পেইনের অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা এবং বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে একটি তথ্যবহুল ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের রায়পুরা উপজেলা কো-অর্ডিনেটর মনি আক্তার। এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রাকিব নাজির, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গ্রাম আদালত হলো ইউনিয়ন পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ মীমাংসা হওয়ায় আদালতের ওপর মামলার চাপ কমে এবং সাধারণ মানুষ হয়রানি ও অতিরিক্ত ব্যয় থেকে রক্ষা পায়। এছাড়া সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং ন্যায়বিচার নিশ্চিত করতেও গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রকল্পের রায়পুরা উপজেলা কো-অর্ডিনেটর মনি আক্তার জানান, গ্রাম আদালত সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সেবাপ্রাপ্তির সুযোগ সম্পর্কে অবহিতকরণ এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এ ধরনের প্রচার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।