নরসিংদীর রায়পুরা উপজেলার হাইরমারা এতিমখানা মাদরাসার শতাধিক ছাত্রকে নিয়ে ফল উৎসবের আয়োজন করেছে প্রশান্তি ফাউন্ডেশন। মঙ্গলবার (৯ জুন) বিকেলে মাদরাসা অডিটোরিয়ামে নান্দনিক আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফল উৎসবে ছিলো আম, কাঁঠাল, লিচু, আনারস, কলা, লটকন সহ দেশীয় ফলের সমাহার। মধুমাসের ফলের ঘ্রাণ বিমোহিত করে এতিম ছাত্রদের মন। এক সঙ্গে দেশীয় বাহারি ফল খেতে পেরে তারা ছিলো উচ্ছ্বসিত। এছাড়াও ছিলো পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা এবং উজ্জীবন শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রশান্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারহান জোনায়েদ এর সভাপতিত্বে ফল উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান ভূইয়া বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার শিকদার রিপন, হাইরমারা আদর্শ একাডেমির প্রতিষ্ঠাতা মোখলেসুর রহমান মাস্টার, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রভাষক ফয়সাল আহমেদ, দড়ি হাইরমারা সাদত শিশু পল্লীর পরিচালক তরিকুল ইসলাম আকাশ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন মোল্লা, মালয়েশিয়া প্রবাসী রুবেল মিয়া ও ছাত্রনেতা আজিজুর রহমান।

এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাদরাসার শিক্ষক, প্রশান্তি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই পৃথিবীতে অল্পবয়সে যাদের পিতা মারা যায় তাদের মতো অসহায় আর কেউ নেই। তারা নিজেদের শখগুলে পূরণ করতে পারে না। এক সঙ্গে নানা রকমের দেশীয় ফল খাওয়ার সুযোগ তাদের হয়ে উঠে না। এজন্য প্রশান্তি ফাউন্ডেশনের এই ফল উৎসব খুবই প্রশংসনীয়। সবাই যদি সামর্থ্য অনুযায়ী এতিমদের পাশে দাঁড়ায়, তাদের মুখে হাসি ফুটায়, তবে সমাজ আরো সুন্দর হবে।