নরসিংদীর রায়পুরায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হুমকির প্রতিবাদে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার মেথিকান্দা এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
রায়পুরা উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সৈকত আহমেদ সুমনের নেতৃত্বে আয়োজিত এ শোভাযাত্রায় প্রায় তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
শোভাযাত্রায় নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা সৈকত আহমেদ সুমন বলেন, আগামী ডিসেম্বরকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ যেসব হুমকি দিচ্ছে, তার প্রতিবাদে উপজেলা ছাত্রদল মাঠে নেমেছে। অনলাইন প্ল্যাটফর্মে হুমকি দিয়ে ছাত্রদলকে দমিয়ে রাখা যাবে না। নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নির্দেশে আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য রাজপথে মোকাবিলা করা হবে।