নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর বাজারে দোকানে অগ্নিসংযোগের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে মুরাদনগর গ্রামের আব্দুল হালিম মোল্লার মেয়ে ভুক্তভোগী নারগিস বেগম (৪৩) সাধারণ ডায়েরি দায়ের করেছেন।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত অনুমানিক ১টার দিকে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় দুর্বৃত্তরা নারগিস বেগমের ভাই আসাদ উল্লাহর দোকানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে দোকানে থাকা মালামাল পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নারগিস বেগম বলেন, ‘মুরাদনগর গ্রামের নায়েব আলী (৩৮) ও পাশের নেকজানপুর কাইয়ুম মিয়া (৪৩)–এর সাথে দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। আমরা ধারণা করছি, ঘটনার পিছনে এ দুইজনের হাত রয়েছে। আমি আশাবাদী পুলিশ তদন্তে সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
নরসিংদী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইমদাদুল হক বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। কে বা কারা দোকানে আগুন লাগিয়েছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।