রায়পুরায় আরমান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আগের সংবাদ

রায়পুরায় তিনটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬ , ১০:২৬ পূর্বাহ্ণ

নরসিংদীর রায়পুরায় পুলিশের পৃথক অভিযানে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে রায়পুরা থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আশিকুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন– রায়পুরা উপজেলার বাঘাইকান্দি গ্রামের ইসমাইল (৩৫), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে বিজয় মিয়া (২৩) এবং রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে জুম্মন মিয়া (১৯)।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার দুটি ঘরে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এর আগে, গত ১৮ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর মরজাল এলাকায় আড়িয়াল খাঁ নদীর উপর বাঘমারা সেতুতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। রাত পৌনে ১০টার দিকে মোটরসাইকেলের দুই আরোহী বিজয় মিয়া ও জুম্মন মিয়াকে তল্লাশি করা হয়। এ সময় বিজয়ের কোমর থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এসময় তাঁদের ব্যবহৃত কালো রঙের একটি নম্বরবিহীন সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

অস্ত্র ও গুলি উদ্ধারের পৃথক দুটি ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, চলতি অক্টোবর মাসে রায়পুরা থানা পুলিশ ১৩টি মাদক মামলায় ১০৩ কেজি গাঁজা ও ৪০৩ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ছাড়াও পৃথক অভিযানে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান ও পরিদর্শক (তদন্ত) টিএম ফরিদুল আলম উপস্থিত ছিলেন।