নরসিংদীর রায়পুরায় যুবক আরমান ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত আরমান ফকিরের স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য বেনজির আহমেদ, সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন প্রধান, নিহত আরমানের দাদা নুরুল আমিন মৌলবী, ছোট ভাই রাহাত ফকির ও সমাজসেবক রফিকুল ইসলাম রবি। এছাড়া স্থানীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আরমান ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে।
মানববন্ধন থেকে আরমান ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের দাবি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
প্রসঙ্গত, ১১ অক্টোবর বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আরমান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ১৪ অক্টোবর রায়পুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
পরে ১৮ অক্টোবর দুপুর ১২টার দিকে উপজেলার হাসনাবাদ নয়াহাটি এলাকার আড়িয়ালখাঁ নদী থেকে তাঁর পরনের প্যান্ট দেখে একটি অর্ধগলিত লাশ শনাক্ত করেন পরিবারের সদস্যরা বলে জানান তাঁর ছোট ভাই রাহাত ফকির। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর ও রায়পুরা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান।