নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে রেললাইনের পাশে এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ওই ব্যক্তির গায়ে ছিল পাঞ্জাবি ও পরনে ছিল লুঙ্গি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে গতকাল রাত আনুমানিক দুইটার দিকে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।