নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো. জাহাঙ্গীর আলমের একাধিক নির্বাচনী ব্যানার ছেঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
রবিবার (১৬ নভেম্বর) ভোররাত থেকে সকাল পর্যন্ত মনোহরদী বাসস্ট্যান্ড থেকে হাতিরদিয়া সড়কের মাঝিবাড়ি এলাকায় টানানো ব্যানারগুলো কেটে ও ছিঁড়ে ফেলে নষ্ট করা হয়। একই সময়ে উপজেলার আরও কয়েকটি স্থানে ব্যানার ও বিলবোর্ড নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে।
মনোহরদী উপজেলা (উত্তর) জামায়াতের সেক্রেটারি মাওলানা মনিরউদ্দিন আল আজহারী বলেন, নির্বাচনের আগে এমন ঘটনা কোনোভাবেই শুভ লক্ষণ নয়। এটি এলাকার শান্ত পরিবেশকে অস্থির করার ইঙ্গিত।
ঘটনা জানাজানি হলে এলাকাজুড়ে সাধারণ ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয়রা বিষয়টিকে পরিকল্পিতভাবে উত্তেজনা তৈরির চেষ্টা বলে মনে করছেন।
মনোহরদী পৌর যুব বিভাগের সভাপতি দেলোয়ার হোসেন জানান, স্পষ্টভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা রহিমা খাতুন বলেন, আমরা শান্ত পরিবেশে ভোট দিতে চাই। কিন্তু বারবার ব্যানার ছেঁড়া হচ্ছে—এটা হতাশাজনক।
কলেজশিক্ষার্থী জাহিদ হাসান শিপন মন্তব্য করেন, নির্বাচনী প্রতিযোগিতার জায়গা এটা। ব্যানার ছেঁড়ে কেউ এগিয়ে যেতে পারে না। যারা করছে তারা ভয় দেখাতে চাইছে।
স্থানীয়রা বলছেন, সব দলের ব্যানারই আছে। কারওটা ছেঁড়া হয়নি, শুধু জাহাঙ্গীর সাহেবের ব্যানারই টার্গেট করা হচ্ছে। এর পেছনে উদ্দেশ্য অবশ্যই রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের প্রার্থী মাওলানা মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের কাজ নিতান্তই কাপুরুষোচিত। জনগণের সমর্থন আমাদের সঙ্গে আছে। ব্যানার ছেঁড়ে আমাদের প্রচার থামানো যাবে না।