রায়পুরায় ধানের শীষ প্রতীকে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের ঐতিহাসিক জয়

আগের সংবাদ

কামাল্লা দরবার শরিফের ইসালে সাওয়াব ও সূফী সম্মেলন অনুষ্ঠিত 

পরের সংবাদ

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন (মাস্টার)

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬ , ১১:২৬ পূর্বাহ্ণ

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নরসিংদীর শিবপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন (মাস্টার)। 

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এর জেলা পরিষদ শাখার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ ক (১) মোতাবেক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তোফাজ্জল হোসেনকে নরসিংদী জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয়ায় নরসিংদী জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সকলেই বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য ব্যক্তিকে নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নির্বাচিত করেছেন।

তোফাজ্জল হোসেন, ১৯৬৮ সালের ২৯ ডিসেম্বর মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানির আহ্বানে হরতাল পালন করতে গিয়ে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবরণ করেন। ১৯৬৯ সালে ছাত্র গণঅভ্যুত্থানে নরসিংদী ও নারায়নগঞ্জে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্ব দেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে অংশগ্রহণ করেন। ২০১৮ সালে গণতান্ত্রিক আন্দোলনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর কর্মসূচী হতে গ্রেপ্তার ও কারাবরণ করেন।

এছাড়াও তিনি শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত চার দলীয় ঐক্যজোটের ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও মুক্তিযোদ্ধা সংসদ নরসিংদী জেলা শাখার কমান্ডার হিসেবেও দায়িত্বপালন করেছেন। বর্তমানে তিনি নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি।

তোফাজ্জল হোসেন মাস্টার নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়ন পরিষদের ২ বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। নরসিংদী মহকুমা গ্রাম সরকারের সাবেক নির্বাচিত প্রধানও ছিলেন তিনি।