সদ্য প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পলাশ উপজেলার আদর্শ শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোট ৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৫ জন ট্যালেন্টপুল এবং ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে বিদ্যালয়ের সুনাম আরও উজ্জ্বল করেছে।
রবিবার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশ করেন।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— মুহিম উদ্দিন জিদান, ইবসার নাজহা, সাদিয়া জাহান, জাওয়াদ আল মাহদী ও দুর্জনা রহমান। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন মুফিদা খানম, শুভ চন্দ্র বিশ্বাস, মাঈদা আক্তার ও পুষ্পিতা রানী বিশ্বাস।
ফলাফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টার সমন্বয়েই এ গৌরবোজ্জ্বল অর্জন সম্ভব হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে ভবিষ্যতেও সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মিরর/এফএ